রাশিয়ায় কারাগারে দাঙ্গার পর অগ্নিকাণ্ড

বিবিসি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কাঠের কারখানাসহ তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে।

মস্কোর ৪ হাজার কিলোমিটার পূর্বে আঙ্গার্স্ক এলাকার এই কারাগারে প্রায় ১ হাজার ২০০ কয়েদির বাস। স্থানীয় গণমাধ্যমগুলো কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে হতাহতের কথা জানালেও সংখ্যা নিশ্চিত করতে পারেনি। কীভাবে আগুনের সূত্রপাত, তা-ও জানায়নি তারা। রাশিয়ার এই কারাগারের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েদিরা তাদের ওপর দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। দাঙ্গা ও অগ্নিকাণ্ডের পর অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ব্যান্ডেজ বাঁধা এক কয়েদিও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। নিরাপত্তারক্ষীরা মারধরের পাশাপাশি তার শ্বাসরোধের চেষ্টা করেছিল; নির্যাতনের প্রতিবাদ করায় তার কবজি কেটে নেওয়া হয় বলেও অভিযোগ এই কয়েদির।