চৌগাছায় মানুষ বোঝাই কার্গো ট্রাক আটক!

চৌগাছা (যশোর) সংবাদদাতা

মানুষ ভর্তি আজমীরী ট্রান্সপোর্টের একটি কার্গো ট্রাক ময়মনসিংহের ত্রিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছিল। ট্রাকটিতে তিন নারী ও দুই শিশুসহ ৩৮ জন ছিল। তারা একটি ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। যশোর শহরে ঢুকতে না পারায় চৌগাছা শহরকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করছিলেন কার্গোটির চালক মিলন।।

শনিবার সকাল ৭টার দিকে চৌগাছা শহরে পৌঁছালে কার্গোর মধ্যে থাকা এক জনের কথার শব্দ শুনতে পায় বাজার ব্যবসায়ী সমিতির এক নেতা। সন্দেহ হলে সমিতির নেতা আজিজুর রহমান কার্গোটি থামান। কয়েকজন যুবক সঙ্গে নিয়ে চালকের সঙ্গে চ্যালেঞ্জ করে দেখেন কার্গোর মধ্য নারী, শিশুসহ ৩৮ জন মানুষ বসে আছে। পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানালে পুলিশ কার্গোটি হেফাজতে নেয়। কার্গোতে থাকা শ্রমিকদের সর্দার আরিফুল ইসলাম বলেন, ১০ দিন আগে আমাদের ভাটা মালিক ভাটা বন্ধ করে দিয়েছেন। প্রায় সাত দিন ধরে আমরা না খেয়ে জীবনযাপন করছিলাম। অতপর ভাটা মালিকের পরামর্শে এই কার্গোতে করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই।

চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, তারা ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের একটি ইটভাটা শ্রমিক। আমি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি, তারা যেন নিজেদের বাড়িতে পৌঁছতে পারে। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ায় করোনা পরীক্ষা শুরু হচ্ছে আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম। কলেজের তিনতলায় মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণাগারে এ পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) যন্ত্রটি বগুড়ায় এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।  রেজাউল আলম জুয়েল বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি যে কোনো দিন থেকে বগুড়ায় করোনা ভাইরাস পরীক্ষা শুরু করার প্রস্তুতি চলছে। এখানে করোনা পরীক্ষা শুরু হলে বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জসহ এ অঞ্চলের মানুষের দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করার এবং কোভিড-১৯ রোগের চিকিত্সা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।