বীরগঞ্জে পুকুর থেকে মূর্তি উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর থেকে প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া গুন্ডার ঝাড় এলাকায় হারিপুকুর পুনঃখনন করতে গিয়ে ৮-১০ ফুট নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের কাছে মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির আনুমানিক দৈর্ঘ্য ১ ফুট ১০ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি ও ওজন ২০ কেজি। এটি কী পাথরের পরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন রাতেই দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটি জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাধারে জমা রাখা হবে।