ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এলাকা হতে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ। মৃত আমির হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের টাঙ্গাইল পাড়ার বেলালাল হোসেনের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় ভারতীয় এলাকায় তেঁতুলে ঘাটের ইছামতি নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও মৃত ব্যক্তির ভগ্নিপতি খন্দকার আব্দুল করিম জানান, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে আমির হোসেন সাত-আট জন মিলে গরু আনতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়। তারা ভারতের নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। বিএসএফের তাড়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও আমির হোসেন ধরা পড়ে। আমির হোসেনের চিত্কার শোনা যাচ্ছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তিনি আরো বলেন, ছবি দেখে আমির হোসেনের লাশ বলে ধারণা করা যাচ্ছে।
বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, তারা শুনেছেন শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকা হতে বিএসএফ একটি লাশ উদ্ধার করে নিয়ে গেছে। মৃত ব্যক্তি বাংলাদেশি কি-না বলতে পারব না।