জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির মজুত চাল জব্দ ডিলার আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নুরুন্দি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৭ হাজার ৪৪০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সরকারি চাল চুরির অভিযোগে খাদ্যবান্ধব ডিলারকে পুলিশ আটক করে।

শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর থানার ওসি সালেমুজ্জামান, নুরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এবং জামালপুর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সমন্বয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফার নুরুন্দি বাজারের গুদাম থেকে ৭ হাজার ৪৪০ কেজি খাদ্যবান্ধব চাল উদ্ধার করে। পরে  খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফাকে পুলিশ আটক করে।

সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, এ বিষয়ে খাদ্য বিভাগ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।