গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে গৌরীপুরে ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস চালু করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি ও ব্যক্তিপর্যায়েও সহযোগিতা নেওয়া হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, কারো ঘরে যদি খাদ্য সংকট থাকে এবং কারো কাছে সহযোগিতা চাইতে সংকোচ বোধ করেন তাহলে বিনা সংকোচে গৌরীপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের হটলাইন নাম্বার ০৩৫৯৮১৮২৩৮৭ অথবা ০১৭১২৬৭৯৮০৬ এ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার প্রেরণ করলে ত্রাণসামগ্রী বাড়িতে পৌঁছে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হটলাইন সেবা চালু থাকবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, ডোর টু ডোর রিলিফ সার্ভিসের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। সবাই যদি সামর্থ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে সরকারের পক্ষে করোনা মোকাবিলা অনেক সহজ হবে।