শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এর নির্দেশনায় ২০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্ধারণ এবং ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ২ হাজার ৮০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
চিফ হুইপের নির্দেশনায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের হাজী আবুল কাশের উকিল মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য নির্ধারণ করা হয়। শনিবার দুপুরে কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ইউএনও মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোসসহ আরো অনেকেই।
এদিকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খান বলেন, চিফ হুইপের পক্ষ থেকে শনিবার সকালে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় দুস্থ, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষকে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ১ হাজার ২৫০টি পরিবারের মধ্যে ও জেলা পরিষদ ১ হাজার ৫৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।
অপরদিকে এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, চিফ হুইপের নির্দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধকল্পে উপজেলা পরিষদ এবং এলজিইডির উদ্যোগে শিবচর উপজেলার বিভিন্ন হাটবাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, এফডব্লিউসি ইত্যাদি জনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিনই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।