নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর শেকের পাড়া গ্রামে আট বছরের শিশু উম্মে আক্তার সিনথিয়াকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। সন্তানকে ফিরে পেতে তারা উদগ্রীব। বারবার বলছেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও। গত ৬ এপ্রিল দুপুরে বাড়ির উঠানে শিশুটি একাই খেলা করছিল। কিছুক্ষণ পর দেখা গেল শিশুটি নেই। পাড়া প্রতিবেশীর বাড়ি, আত্মীয়স্বজন, গ্রাম ও দূর-দূরান্তে মেয়েকে খোঁজ করেও পাওয়া যায়নি। ঐ দিন রাতেই নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও শিশুটির উদ্ধারে পুলিশের তেমন কোনো তত্পরতা দেখা যায়নি।
গতকাল শনিবার সাংবাদিকরা হাজির হয়েছিলেন হারিয়ে যাওয়া শিশুটির বাড়িতে। শিশুটির বাবা আজাহার আহম্মেদ বলেন, গ্রামে আমার কোনো শত্রু নেই, আমি সামাজিক সব কাজেই সবার পাশে থাকি। স্ত্রী-সন্তান নিয়ে আমি ঢাকায় বসবাস করি। দেড় মাস আগে পরিবার নিয়ে গ্রামের বাড়ি আসি। আমার মেয়েকে কেউ নিয়ে গেছে। কাউকে সন্দেহ হয় কি না প্রশ্নের জবাবে আজাহার বলেন, আমি কাউকে সন্দেহ করছি না, এক জনের সঙ্গে একটি মামলা মোকদ্দমা ছিল সেটা শেষ হয়ে গেছে। রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, মেয়েটিকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু এ বিষয়ে পুলিশের কোনো তত্পরতা আমরা দেখছি না। শিক্ষক ওয়াজেদ উল্লাহ্ জসিম বলেন, বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক, সন্তান হারানোর ব্যথা যে কত কষ্টের তা একমাত্র বাবা-মা-ই জানে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফারুক বলেন, আজাহারের পরিবারে সঙ্গে গ্রামের কোনো বিষয়ে কারোর কোনো দ্বন্দ্ব নেই।