ইত্তেফাক রিপোর্ট
দাম ঠিক রাখতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ১০ শতাংশ কমাতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। ফলে মে মাস থেকে জুন পর্যন্ত প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল কমানো হবে উত্তোলন। উপসাগরীয় তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেকসহ রাশিয়া ও অন্য দেশগুলোর মধ্যে বৃহস্পতিবার ভার্চুয়ালি এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে। সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত ঐ বৈঠকে এ সমঝোতা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ব্যাপক হারে কমে যায় তেলের চাহিদা। ফলে দামও কমে যায়। উত্তোলন কমাতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সমঝোতা না হওয়ায় মার্চের মাঝামাঝি বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ৩০ ডলারের নিচে নেমে আসে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম। শুরু হয় তেল নিয়ে দামযুদ্ধ। তেল উত্তোলন বাড়তে থাকায় মজুত কেন্দ্রগুলোও পরিপূর্ণ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে বড়ো বড়ো তেল কোম্পানিগুলো দেউলিয়া হবার আশঙ্কা তৈরি হয়। ২০ ডলারের নিচে দাম হবার আশঙ্কা করেন বিশ্লেষকরা।
বিবিসির সংবাদ অনুযায়ী বৃহস্পতিবার রাশিয়াকে নিয়ে গঠিত ওপেক প্লাস বৈঠকে দেশগুলো করোনা পরিস্থিতির আগের উত্তোলনের চেয়ে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থাত্ দৈনিক ১ কোটি ব্যারেল কমবে উত্তোলন। পরবর্তীতে আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৮০ লাখ ব্যারেল কম উত্তোলন হবে এবং পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ৬০ লাখ ব্যারেল কম উত্তোলন হবে। ওপেক ও ওপেক প্লাসের এ সিদ্ধান্তের কারণে তেলের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে।