উত্তরায় সড়কে জীবাণুনাশক স্প্রে করেছে ফায়ার সার্ভিস

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গতকাল শনিবার উত্তরার বিভিন্ন স্থানে জীবাণুনাশক তরল ছিটিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দি লাইভ সেভিং ফোর্স বাহিনী। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি দিয়ে স্প্রে করা হয়। উত্তরা ১০ নম্বর সেক্টর, কামারপাড়া বাসস্ট্যান্ড, স্লুইচগেট, আব্দুল্লাহপুর, পলওয়েল মার্কেট, হাউজবিল্ডিং, নর্থ টাওয়ার, মাসকাট প্লাজা, জমজম টাওয়ার, সোনারগাঁও জনপথ সড়কে স্প্রে করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১০) মোহাম্মদ মানিকুজ্জামান বলেন, বাহিনীর মহাপরিচালক ব্রি. জে. সাজ্জাদ হোসাইনের নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস জীবাণুনাশক তরল ছিটানো হচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার উত্তরার বিভিন্ন সড়কে পাঁচটি গাড়ি দিয়ে স্প্রে করা হয়েছে। পুলিশ, সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।