ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের দরিদ্র মানুষের জন্য ছয় টন খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশে কর্মরত মুসলিম রাষ্ট্রদূতরা। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতদের সাধুবাদ জানান।
হস্তান্তরকালে মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ এসাআলদুহাইলান, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিত্যসমিয়ারসি সোয়েমারনো। মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ঢাকার জেলা প্রশাসক এই খাদ্যসামগ্রী দরিদ্র জনগণের মধ্যে বিতরণ করবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।