বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দল এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মধুখালী (ফরিদপুর): বুধবার রাতে মধুখালীর আড়পাড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন মৃধা ও বিএনপি থেকে মো. খসরুল আলম, কামারখালী ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন তাদের নেতা সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
হাজীগঞ্জ (চাঁদপুর): বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমিনূল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন এবং পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহাদাত হোসেন বাবুল, সাবেক কাউন্সিলর মো. নূরুল ইসলাম মিয়াজীসহ কয়েক শতাধিক নেতা-কর্মী পৌর কার্যালয়ে এসে মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
মনোহরদী (নরসিংদী): সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে। সমপ্রতি যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন মনোহরদী পৌরসভার ৯নং ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা আক্রাম হোসেন ও টুটুল ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর যুবদলের সভাপতি মিলন মিয়া। এছাড়া বিভিন্ন ইউনিয়নে নির্বচনী সভায় কয়েক’শ বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
চৌগাছা (যশোর): চৌগাছায় ৩ শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ফুলসারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ওই নেতা-কর্মী চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।