করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় নতুন সংক্রমণ রোধে গতকাল শনিবার নতুন আরো তিনটি জেলা-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সিলেট অফিস : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিলেটের মানুষকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছিল না। এই অবস্থায় কঠোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। শনিবার বিকাল ৪ টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পুরো সিলেট জেলা লকডাউন ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম বলেন, জনসাধারণ ঘরে থাকছিলেন না। তাই বাধ্য হয়ে প্রশাসন সিলেট জেলা লকডাউন করে।
ব্রাহ্মণবাড়িয়া : একজনের মৃত্যু ও একদিনে সাতজন করোনা আক্রান্তের খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন করা হয়েছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ে খাদ্যদ্রব্যের দোকান দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এর বাইরে থাকবে।
গাজীপুর : গাজীপুর জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তকুিল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের লক্ষ্যে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীতে ফরিদপুর থেকে আসা এক ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে পুলিশ। নগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকায় ওই ব্যক্তির বাড়ি। নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজপাড়া থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িটিকে লকডাউন ঘোষণা করে।
পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ ) : পাকুন্দিয়ায় করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহের পর ঢাকায় পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। চরতেরটেকিয়া গ্রাম থেকে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। এ সময় ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে পরিবারের অপর সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া ) : বিজয়নগরে প্রথমবারের মত দুইজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একজন হোম কোয়ারেন্টাইনে আছেন এবং অপরজন উপজেলা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অবস্থান করছে। এ উপলক্ষ্যে হরষপুর ইউনিয়নের পাঁচগাও, বাগদিয়া খৈচাপুরা, সোনামুড়া এবং উপজেলা হাসপাতার সংলগ্ন গ্রামকে লকডাউন করা হয়েছে।
নেত্রকোনা : করোনাভাইরাসে আক্রান্ত খালিয়াজুরী হাসপাতালের স্টাফ নার্স আফরোজা আক্তারকে হাসপাতালের কোয়ার্টারে রখা হয়েছে এবং হাসাপাতালটিকে লকডাউন করা হয়েছে। ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের শিশুসহ তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাই বাড়িটি লকডাউন করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে। বিন্নাপাড়া গ্রামের এ বাড়িতে স্বামী, স্ত্রী এবং শিশু সন্তান রয়েছে। বামনা (বরগুনা) : বামনা উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের আব্দুল কাদের সিকদারের ছেলে লতিফ সিকদার (৬৫) জ্বর ও শাসকষ্টজনিত রোগে গতকাল মারা গেছেন। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, মৃত ব্যক্তির বাড়ি ও পাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : উপজেলায় শুক্রবার বিকালে করোনা আক্রান্ত মৃতদেহের সংস্পর্শ ও গোসল দেওয়ায় দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে সিরাজদিখান থানা পুলিশ। সেই সাথে তাদের বাড়িতে গিয়ে বাড়ির মূল ফটকে ওই দুই ব্যক্তির নাম ঠিকানাসহ হোম কোয়ারেন্টাইনে থাকার দিনক্ষণ ও বিভিন্ন দিক-নির্দেশনা উল্লেখ করে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এদিকে গীতা রানী পাল (৭০) নামে করোনা আক্রান্ত এক বৃদ্ধাকে আইসোলেসনে রাখা হয়েছে। গোদাগাড়ী (রাজশাহী) : স্থানীয়রা দুটি গ্রামের প্রবেশপথ বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে।
গাছের গুড়ি ফেলে লকডাউন
গৗরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় গতকাল শনিবার সকালে মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল সীমিত ও জনসাধারণ যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরি সেবা প্রদানকারী ও ট্রাক-পিকআপ ছাড়া কোনো যানবাহন গৌরনদীসহ দক্ষিণাঞ্চলে ঢুকতে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা মাদারীপুর জেলার কোনো জনসাধারণকে গৌরনদীতে আসতে দেওয়া হচ্ছে না। এমনকি গৌরনদীসহ বরিশালের জনসাধারণকে মাদারীপুরে ঢুকতেও দেওয়া হচ্ছে না। এ জন্য ২০ মার্চ থেকে মাদারীপুর জেলা থেকে গৌরনদীতে প্রবেশের সকল নৌরুট ও স্থলপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, যানবাহন চলাচল সীমিত রাখার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে পুলিশ পাহারা দিচ্ছে। সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ও ট্রাক-পিকআপ ছাড়া কোনো বাস ও মাইক্রোবাস চলাচলে বাধা প্রদান করবে।