শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সকল ভোটারকে স্বতস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীতে তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী শরীফ আরো বলেন, ঈশ্বরদী ও আটঘোড়িয়ার শন্তিপূর্ণ মানুষ নিরাপদ পরিবেশে ইতোপূর্বে বিগত সকল নির্বাচনে উত্সবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে। এবারেও এখানে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বিরাজ করছে।
সচেতন এই এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনে নারী, পুরুষ ও সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় বিরাজমান। এবারে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উত্সবমুখর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মন্ত্রী শরীফ আরো বলেন, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যখন নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ, তখন নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের তথাকথিত ঐক্যফ্রন্ট নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত।
স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি গুজব ছাড়িয়ে এবং সহিংসতা করে যাতে ভোটের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবশে বিঘ্নিত না করতে পারে এজন্য তিনি সাংবাদিকদের সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন। এ সময় ভোট কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।