সাধারণ ছুটিতে সীমিত ব্যাংকিংয়ের কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে তথ্য পাঠাতে পারছে না। সাধারণ ছুটি শেষ হলে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে ঋণ শ্রেণিকরণ এবং প্রভিশন সংক্রান্ত বিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশে কার্যরত সকল তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময়ে ব্যাংকগুলোর সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এই পরিস্থিতিতে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তপশিলি ব্যাংকসমূহ নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণিকরণ বা খেলাপি ঋণ ও প্রভিশন সংক্রান্ত বিবরণী পাঠাতে পারছে না। তাই সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য উল্লেখিত বিভাগে দাখিল করতে হবে।