নৌকার মিছিলে প্রতিপক্ষের ইট পাটকেল হামলায় দুইজন আহত

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের নৌকার মিছিলে অটোবাইকযোগে স্লোগান দিয়ে আসার পথে প্রতিপক্ষ বিএনপির কর্মী-সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে নৌকার দুইজন কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের টিএন্ডটি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভিমনগর গ্রামের বকু বিশ্বাসের ছেলে বালিয়াকান্দি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রনি বিশ্বাস ও একই গ্রামের লুত্ফর রহমানের ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ১ম বর্ষের ছাত্র হামিম মল্লিক। আহতদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রনির পিতা বকু বিশ্বাস বাদী হয়ে বালিয়াকান্দি সদর ইউনিয়নের টিএন্ডটি এলাকার মৃত নামাজের ছেলে ফারুক শেখ ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউল আযম চুন্নুর ছেলে খন্দকার শিবলুসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেছে বলে জানা গেছে।

বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নায়েব আলী শেখ জানান, সন্ধ্যায় ভীমনগর গ্রাম থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের মিছিলে আসার পথে বালিয়াকান্দির টিএন্ডটি পাড়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এতে আমাদের দুই কর্মী আহত হয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।