কোয়ারেন্টাইন অমান্য করলে ট্র্যাকিং ব্রেসলেট পরাবে দক্ষিণ কোরিয়া

করোনা প্রতিরোধে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে অনেকটা সফল হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে এবার তারা কোয়ারেন্টাইন অমান্যকারীদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্র্যাকিং ব্রেসলেট বাধ্যতামূলক পরার নির্দেশনা দিয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসটি সংক্রমণের প্রথমদিকে দক্ষিণ কোরিয়া ব্যাপক কড়াকড়ি আরোপ করায় মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়। তার পরও চীনের এ প্রতিবেশী দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এ ভাইরাস। মারা গেছেন ২০৮ জন। 

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (কেসিডিসি) তথ্যমতে, শুক্রবার সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত ৩০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮০ জন। 

এ রোগের বিস্তার ঠেকাতে আগে থেকেই স্মার্টফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মানুষ জনের ঘরে থাকার বিষয়টি তদারকি করছে দক্ষিণ কোরিয়া। 

তবে দেশটির কর্মকর্তারা বলছেন, কড়াকড়ি সত্ত্বেও অন্তত ৫৭ হাজার মানুষ চালাকি করে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করেছেন। তারা ঘরে ফোন রেখে বাইরে যেতেন যেন সংশ্লিষ্টরা বুঝতে না পারেন। 

এ কারণে এখন থেকে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্যকারীদের হাতে ট্র্যাকিং ডিভাইস বসানো ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। তারা চাইলেই সেটি খুলে ফেলতে পারবেন না। এর মাধ্যমে তারা কখন কোথায় যাচ্ছেন তা জানতে পারবে নিরাপত্তা বাহিনী।

ইত্তেফাক/জেডএইচ