করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানান, রামেকে করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ। মৃত যুবকের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পলাশ বাড়ি গ্রামে। শনিবার দুপুরে তিনি করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এলে তাকে ৩৯ নম্বর ওয়ার্ডের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
রবিবার দুপুরে রামেক অধ্যাপক ডা. আজাদ জানান, নওগাঁর মান্দা থেকে আসা ওই রোগীর জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট ছিল। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে রাজশাহীতে পাঠায়। তিনি ঢাকায় কাজ করতেন। রামেকে আসার সময় তিনি অজ্ঞান ছিলেন। এ কারণে তার কাছ থেকে কিছু জানা সম্ভব হয়নি। তবে তিনি নিয়মিত মদ পান করতেন বলে জানা যায়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করতে বলা হয়েছে বলেও জানান ডা. আজাদ।
আরও পড়ুন: শোবার ঘরের মাটি খুঁড়ে সরকারি চালের বস্তা উদ্ধার
এদিকে করোনার উপসর্গ নিয়ে রবিবার আরও তিনজন রামেকে ভর্তি হয়েছেন। এই তিন রোগীকে সংক্রমক ব্যাধি হাসপাতালের (করোনা ওয়ার্ডে) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে গত শুক্রবার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সংক্রমক ব্যাধি হাসপাতালের চিকিৎসাধীন দুইজনের শরীরে করোনার আলামত পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসি