সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে ৪টার দিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। 

এতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

 আরো পড়ুন : ঈশ্বরগঞ্জে নারী করোনায় আক্রান্ত, ইউনিয়ন লকডাউন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহের আওতা বহির্ভুত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১২ জুলাই বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ইউবি