অনুশীলনে ফিরছে সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক

করোনার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে স্পেনে। এরই মাঝে লা লিগার প্রথম দল হিসেবে ব্যক্তিগত অনুশীলনে ফিরছে স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদ। আগামীকাল মঙ্গলবার প্রায় চার সপ্তাহ পর অনুশীলনে নামবে বাস্ক এই দল।

ইউরোপে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্পেনে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশটিতে প্রকোপ কিছুটা কমছে। আর তাতে দেশটির সরকার সীমিত পরিসরে অপরিহার্য নয় এমন কাজের সঙ্গে সম্পৃক্তদেরকে কাজে ফেরার অনুমতি দিয়েছে। তারই প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ লিগের শীর্ষ চারে থাকা দলটি। গত শনিবার রাতে ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, যারা অপরিহার্য কাজের সঙ্গে সম্পৃক্ত  নন, তারাও কাজে ফিরতে পারবেন। আমরা তাই প্রথম একাদশের আলাদাভাবে অনুশীলন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। জুবিয়েতায় (ক্লাবের অনুশীলন মাঠ) ফুটবলাররা অনুশীলন শুরু করবেন।’  বলাইবাহুল্য, সপ্তাহখানেক আগে লা লিগার দেওয়া সব ধরনের নির্দেশনা মেনে তবেই মাঠে নামতে যাচ্ছে দলটি। তবে অনুশীলনের ব্যাপারটি পুরোপুরি খেলোয়াড়দের ঐচ্ছিক। চাইলে কোনো খেলোয়াড় পুরোনো সূচি মেনে বাড়িতেও অনুশীলন করতে পারবেন বলে জানিয়েছে সোসিয়েদাদ। বাস্ক এই দলটির অনুশীলনে ফেরায় অন্যান্য দলও মাঠের কার্যক্রম পুনরায় শুরু করার তোড়জোড় শুরু করেছে। স্পেনের রাজধানী মাদ্রিদ করোনার কেন্দ্রবিন্দু হলেও অনুশীলনে ফেরার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে গত ১২ মার্চ প্রথম দল হিসেবে কোয়ারেন্টাইনে যাওয়া দল রিয়াল মাদ্রিদও, এমনই গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে।