আরো ক্ষুধার্ত পগবা

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে চলতি মৌসুমে মোটে আট ম্যাচেই খেলতে পেরেছিলেন পল পগবা। বছরের শুরুতে অস্ত্রোপচার মৌসুমটাই অনিশ্চয়তায় ফেলে দিলেও করোনার কারণে খেলা বন্ধ থাকা নতুন সম্ভাবনা খুলে দিয়েছে তার সামনে। ফরাসি এই মিডফিল্ডার জানালেন, এ সময়ে তার সাফল্যক্ষুধাটা কেবল বেড়েছেই। মাঠে নামতেও তর সইছে না তার।

সম্প্রতি ইউনাইটেডের ওয়েবসাইটকে তিনি বলেন, ‘চোট কাটিয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি আছি আমি। এখন আমি কেবল দলের সঙ্গে অনুশীলনের কথাই ভাবছি।’

দীর্ঘ ক্যারিয়ারে এর চেয়ে বড়ো চোটে পড়েননি ফরাসি মিডফিল্ডার। তবে একে ইতিবাচক হিসেবেই দেখছেন পগবা। বললেন, ‘আপনার মনে হতে পারে এর চেয়ে কঠিন কিছু আমার সঙ্গে হয়নি কিন্তু আমি একে দেখছি ইতিবাচকভাবেই। এটা আমাকে ফেরার জন্য আরো মরিয়া করে তুলেছে এবং ভালো করার ক্ষুধাটা বাড়িয়েছে আর দেখিয়েছে ফুটবলের প্রতি আমার ভালোবাসাটা কেমন।’