ক্রিকেটার হিসেবেও দেখেছেন, দুঃসময়ই সেরা শিক্ষাটা দেয়। জাতীয় দলের কোচিং শুরু করার পরই পড়েছিলেন আরেক দুঃসময়ে। ভারতের বিপক্ষে নিজের ইতিহাসে প্রথমবারের মতো দেশের মাটিতে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তার দল। এই ঘুরে দাঁড়ানোর পর কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন, দুঃসময়ই সেরা শিক্ষক। শুরুতেই ভারতের বিপক্ষে সিরিজ হারায় চলে গিয়েছিলেন ব্যাকফুটে। তারপর থেকে টানা চারটি সিরিজে অপরাজিত ল্যাঙ্গারের দল। এর মধ্যে তারা পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশও করেছেন। আর এই সাফল্যের প্রসঙ্গে ল্যাঙ্গার বলছিলেন। ভারতের বিপক্ষে ঐ পরাজয়ই তাকে সতর্ক করেছিল, ‘সেটি ছিল সত্যিকার অর্থেই বড়ো একটি সতর্কবার্তা এবং আমার জীবনের কঠিন এক সময়। আমার কোনো সন্দেহই নেই, বছর দশেক পরে যখন পেছন ফিরে তাকাব, দেখব যে ঐ সময়টাই আমার কোচিং ক্যারিয়ার গড়ে দিয়েছে।’