নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে কিনে মজুত করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে আটক করেছে র্যাব। এ সময় অভিযুক্ত আনিছুর রহমানের বাড়ি ও গোডাউন থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। শনিবার রাত ১১টায় র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
রবিবার র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর শিমলা বৈশাখী বাজারে তার গোডাউনে অভিযান চালিয়ে আরো ১১০ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করা হয়।