স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারী রোগী পালিয়ে গেছেন। তিনি করোনা আক্রান্ত এমন আতঙ্কে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার ঐ রোগী ভর্তি হলে তাকে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়। গতকাল রবিবার দুপুর থেকে তাকে আর হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি রাজশাহী নগরীর বাসিন্দা। রামেক হাসপাতালের করোনা চিকিত্সা টিমের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঐ ব্যক্তির জোরালো করোনার উপসর্গ ছিল না। তাই তাকে আইসোলেশনে না রেখে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছিল তার হার্টের সমস্যার জন্য ফুসফুসে পানি জমেছে, এমনটি সন্দেহ করেছিলেন তারা। তিনি হয়তো এখানে থাকতে রাজি নন; কিন্তু তিনি চিকিত্সকদের না বলেই চলে গেছেন। তিনি আরো বলেন, এটা মূলত রোগীর আতঙ্কের কারণে হচ্ছে। তারা আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছেন। একজন রোগী হাসপাতাল থেকে চলে যেতে চাইলে লিখিতভাবে জানিয়ে চলে যেতে পারেন। এটা তার অধিকার আছে। তবে একেবারে না জানিয়ে যাওয়াটা তাদের জন্য কষ্টকর। তারা চেষ্টা করছেন কীভাবে রোগীদের আতঙ্ক দূর করা যায়। উল্লেখ্য, বিগত ১০ দিনে রামেক হাসপাতাল থেকে এনিয়ে চার জন রোগী পালিয়ে গেছেন। তারা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।