রাজস্থলীতে অজ্ঞাত রোগে দুই জনের মৃত্যু

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার পার্শ্ববর্তী রাজস্থলী উপজেলায় অজ্ঞাত রোগে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন বিনামতি ত্রিপুরা (৪৫) এবং নিলু কুমার ত্রিপুরা (২৬)। রাজস্থলী উপজেলার গিলাছড়ি ইউনিয়নের দুর্গম ভুটানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার অজ্ঞাত রোগে দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

তিনি জানান, বিনামতি ত্রিপুরা শুক্রবার এবং নিলু কুমার ত্রিপুরা শনিবার অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই ব্যক্তির মৃত্যুর খবর শুনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যু ব্যক্তিদের শরীরে জ্বর, কাশি, সর্দি, ম্যালেরিয়া, হাম, ডায়রিয়াসহ কোনো রোগের উপসর্গ পাওয়া যায়নি। করোনার কোনো লক্ষণও তাদের শরীরে ছিল না। স্থানীয়ভাবে জানতে পেরেছি মৃত্যুর আগে দুই ব্যক্তি আবোল-তাবোল বকাবকি করে মারা যান। তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে। ডা. রুইহ্লা অং মারমা আরো জানান, প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে মেডিক্যাল টিমকে ভুটান পাড়ায় পাঠানো হয়েছে।