২০ জন হোম কোয়ারেন্টাইনে
ইত্তেফাক রিপোর্ট
টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একজন রিপোর্টারের করোনা পজিটিভ ধরা পড়েছে। সে কারণে প্রতিষ্ঠানটির ২০ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।
গতকাল রবিবার এক বিবৃতিতে মুন্নি সাহা জানিয়েছেন, দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন ঐ রিপোর্টার। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টাইন শেষে তিনি ৫ এপ্রিল অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআর গত ১০ এপ্রিল তার বাসা থেকে নমুনা সংগ্রহ করে। ১১ এপ্রিল রাতে তারা জানিয়ে দেয়, তিনি করোনা পজিটিভ। কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিত্সকের পরামর্শে বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
ঐ রিপোর্টারের চিকিত্সার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ এমন জানিয়ে মুন্নী সাহা উল্লেখ করেন, সেই রিপোর্টার পজিটিভ নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে কথা বলে যে তিন দিন অফিস করেছেন সেই সময় তিনি যাদের সঙ্গে কাজ করেছেন বা যাদের সঙ্গে মিশেছেন, তারও একটি তালিকা নেওয়া হয়। রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিউসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।