রাত পোহালেই ভোট

পলাশে সরব আওয়ামী লীগ বিএনপির ভোট প্রার্থনা এসএমএসে

রাত পোহালেই ভোট। মাঠে নেই বিএনপি, সরব আওয়ামী লীগ। নরসিংদী-২ আসনের পলাশ নির্বাচনী এলাকায় এমনই চিত্র সর্বত্র। এ আসনে মহাজোটের নৌকা নিয়ে লড়ছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও ধানের শীষ নিয়ে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপসহ দলীয় নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জমজমাট ও উত্সবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে একেবারে উল্টো চিত্র দেখা গেছে বিএনপির নির্বাচনী প্রচারণায়। বিএনপির প্রার্থী ড. আব্দুল মঈন খান ও বিএনপির কোনো নেতা-কর্মীদের নির্বাচনী মাঠে কোথাও দেখা যায়নি। শুধুমাত্র নির্বাচনী এলাকার সকল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভোট চেয়েছেন ড. আব্দুল মঈন খান। এসএমএসে তিনি লিখেছেন ড. মঈন খানের সালাম নিন ধানের শীষে ভোট দিন। বিএনপির অভিযোগ আওয়ামী লীগ তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার চালিয়েছে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। পলাশ থানা পুলিশ বলছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন জানান, বিএনপি নিশ্চিত পরাজয় জেনেই আওয়ামী লীগের নামে মিথ্যা অভিযোগ করছে। আমরা পলাশের জনগণকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এবারো নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপকে বিপুল ভোটের ব্যবধানে এ আসন থেকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিব।

নির্বাচনী এলাকায় সরজমিনে ঘুরে কোথাও বিএনপির কোনো পোস্টার বা লিফলেট চোখে পড়েনি। উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লা জানান, নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ না থাকায় আমরা কোনো প্রচার-প্রচারণাই চালাতে পারিনি এবং এ অবস্থায় ধানের শীষের নির্বাচনী এজেন্টেও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না।