রাঙ্গামাটিতে বিমান বাহিনীর রেশনবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পাইলট, কো-পাইলটসহ আরোহীরা অক্ষত রয়েছে। তবে দুই জন সামান্য আহত হয়েছেন।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে একটি  হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারে আগুন লাগে। তবে পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করতে সক্ষম হন। পাইলট ও কো-পাইলটদের মধ্যে দুই জন সামান্য আহত হয়েছে।

পরে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলে জানান ওসি। আইএসপিআর থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর জরুরি রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাওয়ার পথে রাজস্থলী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড থেকে ২০০ গজ অদূরে বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার সকাল ১১টায় জরুরি অবতরণ করে। পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের দুই জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।