সোনারগাঁওয়ে শ্বশুরবাড়িতে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ দাফন

সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপটেন (বরখাস্ত) আব্দুল মাজেদের লাশ দাফন করা হয়েছে। ফাঁসি কার্যকরের পর শনিবার দিবাগত রাতে তার শ্বশুর হাজি শামসুদ্দিন সরকারের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে তার লাশ ভোলার মাটিতে না পাঠানোর দাবি জানিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সংবাদ সম্মেলন করেন। শনিবার বিকালে তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সোনারগাঁও আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন,           ‘রাতের আঁধারে কলঙ্কিত এই ব্যক্তির লাশ সোনারগাঁওয়ে কবর দেওয়ায় সোনারগাঁওবাসী আজ কলঙ্কিত হয়েছে। অবিলম্বে এই কবর অপসারণ করে আমাদের কলঙ্কমুক্ত করতে হবে।’ শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা টিটুও একই দাবি জানান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, লাশ উত্তোলনের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর বলেন, সোনারগাঁও পির-আউলিয়াদের জায়গা। এখানে বঙ্গবন্ধুর খুনিকে কবর দেওয়া যায় না।