প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মাশরাফি

করোনা পরিস্থিতি মোকাবিলায় সদর হাসপাতালের জন্য একটি আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। গতকাল রবিবার করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের একপর্যায়ে এ দাবি জানান তিনি। এছাড়া নড়াইল জেলায় করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান প্রমুখ।