করোনা রোগীর চেয়ে চাল চোর বেশি : রিজভী

করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা মোটেও পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছে বিএনপি। এক্ষেত্রে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোত্সব। গতকাল রবিবার দলীয় কার্যালয় থেকে এক ভিডিও প্রেস কনফারেন্সে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে প্রতিদিন যে পরিমাণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি। এমতাবস্থায় অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দ্রুততার সঙ্গে পরিচালনার দাবি দলটির। তাতে হয়তো হতদরিদ্র, বেকার শ্রমিকেরা উপকৃত হবেন এবং জনগণের মধ্যে স্বস্তি আসবে। কেননা, এখন রাজনীতি করার সময় নয়, বরং ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়।

রিজভী বলেন, ‘আমাদের সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার মাশুল হিসেবে করোনা তৃতীয় ধাপ অতিক্রম করছে। অতিমাত্রায় সাবধান হতে হবে। সরকারের একটি সমন্বিত কর্মপন্থা প্রয়োজন। সরকারকে সবার আগে ভাবতে হবে যে কোটি কোটি রোজগারহীন মানুষের মুখে কীভাবে খাদ্যের জোগান দিবে? দরিদ্র ও মধ্যবিত্তদের রেশন-সুবিধা কখন নিশ্চিত করবে? আগামী মাসে ধান কাটার মৌসুমে ধান কাটার লোকের জোগান কীভাবে দেবে?’