বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি ভারমুক্ত হয়েছে। গতকাল রবিবার তার ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এই ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার বলেও উল্লেখ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাকি আরো চার খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।
এর আগে বেলা ১২টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য ২ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসব প্যাকেট স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এ সময় দেশবাসীকে ঘরে অবস্থান করে সরকারের নির্দেশ মানতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।