করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি চলছে। এই সময়ে সীমিত আকারে ব্যাংকিং চলছে। তাই কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়মিতভাবে যেসব তথ্য পাঠায়, সেগুলোর বিষয়ে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ ছুটি শেষ হওয়ার পর পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংকের তারল্য ও নগদ জমা হারের তথ্য যথাসময়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগের দিন শনিবার খেলাপি ঋণের তথ্যের বিষয়ে একই ধরনের প্রজ্ঞাপন জারি করে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। সেখানে বলা হয়, তিন মাস অন্তর খেলাপি ঋণের তথ্য দেওয়ার কথা থাকলেও সাধারণ ছুটির কারণে এখন তা না দিলেও চলবে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ফরমে তথ্য জমা দিতে হবে।