লকডাউনে ঘরে খাবার নেই, ৫ সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন 'অসহায়' মা

সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এর মধ্যে কয়েকদিন ধরে চলা লকডাউনের ফলে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ। ঘরে যেটুকু খাবার  ছিল এই কয়েকদিনে তাও ফুরিয়ে গেছে। খাবারের জোগাড় করতে না পেরে পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিলেন অসহায় এক মা। ভারতের  উত্তরপ্রদেশের ভাদোলি জেলায় রবিবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।  

ইতিমধ্যে ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। শিশুদের খোঁজে গঙ্গায় শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে।  তিনি মানসিকভাবে অসুস্থ।  

তবে  সূত্র জানাচ্ছে, অভিযুক্ত ওই  নারী  একজন দিনমজুর। লকডাউনের ফলে উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তার। যেটুকু সঞ্চিত অর্থ ও খাবার ছিল তাও শেষ হয়ে যায়। ফলে তার ও সন্তানদের অনাহারে দিন কাটছিল।

স্থানীয়রা জানান, ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরেই তিনি তাদের গঙ্গায় ফেলে দেন।  

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৫২ জন। মারা গেছেন ৩০৮ জন। 

ইত্তেফাক/এসআর