নির্বাচনকে প্রশ্ববিদ্ধ করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেছে দলটি।

বৈঠক শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামান বলেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত। সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিএনপি জামায়াতের নীল নকশার প্রসঙ্গে ইসির কাছে অভিযোগ করা হয়েছে।  তাদের মূল সহযোগী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। নির্বাচনের আগে ও পরে তারা সারাদেশে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট ছাপিয়ে, ভুয়া ভিডিও তৈরি করে ছড়াতে পারে। তিনি বলেন,  গত চব্বিশ ঘন্টায় একজন নিহত ও বিশজন আহত হয়েছে। ছয়টি স্থানে বোমা বর্ষণ করেছে।

তিনি বলেন, নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। জয়পুরহাট, গাজীপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি হামলার ঘটনা লিখিত অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়। সমস্ত বিষয় তুলে ধরে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আক্তারুজ্জামান আরো বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে-কারও নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি না করি। নির্বাচন সুষ্ঠুভাবে হোক এটা আমাদের প্রত্যাশা। বারবার বলে আসছি বিএনপি-জামায়াত নানা ধরনের চক্রান্ত করছে। আমরা উদ্বিগ্ন তবে আত্মবিশ্বাসী যে, নির্বাচনটা সফলভাবে শেষ করতে পারব। ৩০ তারিখ উত্সবমুখর পরিবেশে সকল মানুষের অংশগ্রহণে সফল ও সুন্দর হবে সেই আশা করছি।

প্রতিনিধি আরও ছিলেন অ্যাডভোকেট নজিবুল্লাহ, রিয়াজুল কবীর কাউছার, মারুফা আক্তার পপি, ড. সেলিম মাহমুদ, অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী, রাসেদুল মাহমুদ রাসেল, জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।