লকডাউনেই কেঁপে উঠল দিল্লি, আতঙ্কে বাড়ির বাইরে মানুষ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেওয়া লকডাউনের মধ্যেই কেঁপে উঠেছে ভারতের দিল্লি ও এর পার্শ্ববর্তী অঞ্চল।

সোমবার দুপুরে মৃদুকম্পন অনুভূত হয় দিল্লিতে। এই নিয়ে পরপর দুদিন ভূমিকম্পে কাঁপল দিল্লি ও তার পার্শ্ববর্তী শহরগুলি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭।

কেবল দিল্লি নয়, কম্পন অনুভূত হয় নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদেও। এতে আতঙ্কে লকডাউন ভেঙে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসে। 

এর আগে রবিবার সন্ধ্যায় ভূমিকম্প হয় উত্তর দিল্লির ওয়াজিরাবাদে। তখন কম্পনের মাত্রা ছিল ৩.৫। 

ভূমিকম্পের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানান, দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে। আশা করি সকলেই নিরাপদে আছেন। আমি আপনাদের প্রত্যেকের নিরাপত্তা কামনা করি।

ভারতের পাঁচটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।

এদিকে ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৮ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে মোট ৯,১৫২ জন।

ইত্তেফাক/জেডএইচ