এই সময়ের ছড়া
সুজন বড়ুয়া
ঘরে বসে বসে একমাস গেল
এখনো ঘরেই বন্দি
করোনার সাথে চলছে যুদ্ধ
হয়নি এখনো সন্ধি।
বাইরে ভীষণ করোনার ভয়
আর ঘরে জ্বালা ক্ষুধার
উভয় দিকেই বড়ো সংকট
ধার যে ছুরির দু’ধার।
করোনার মতো জানি না কীভাবে
ক্ষুধাকে করব জব্দ
দরজায় কড়া নাড়ল এদিকে
নতুন বঙ্গ অব্দ।
করোনার ভয়ে হয়নি পিছপা
এসে গেছে নববর্ষ
পয়লা বোশেখ তুমি এলে যদি
কোথায় তবে সে হর্ষ !
তোমার সমীপে আজ আমাদের
নেই কোনো বায়নাক্কা
একটাই দাবি পয়লা বোশেখ
করোনাকে দাও ধাক্কা।