বাংলা নতুন বছরের আনন্দে মেতে উঠেছে পুরো জাতি। বিশ্বজুড়ে বাঙালিরা ১৪২৭ সালকে বরণ করে নিচ্ছে হাজার বছরের নানা ঐতিহ্যে। বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ নিয়ে লেখা হয়েছে অসংখ্য গান। কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বৈশাখ নিয়ে লিখেছেন তিনটি গান। যার শিরোনাম ‘ঢোল বাজাও রে’, ‘আয় রে আয় বৈশাখ আয়’ ও ‘নববর্ষ’। গানগুলোর অডিও ও ভিডিও গীতিকারের নিজস্ব ওয়েবসাইট খালিদ সংগীত ডটকম-এ প্রকাশিত হয়েছে। এছাড়াও এগুলোর মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। ঢোল বাজাও রে গানটির সুরারোপ করেছেন তরুণ সুরকার আতিকুর রহমান রোমান। আর কণ্ঠ দিয়েছেন শশী। আয় রে আয় বৈশাখ আয় গানটির সুর করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই গানটির তিনটি ভার্সন করা হয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত স্বনামধন্য শিল্পী সুবীর নন্দী। আরেকটিতে টিনা মোস্তারী। অন্যটিতে যুগল কণ্ঠে সুবীর নন্দী ও টিনা মোস্তারী।