ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে দুই চিকিৎসকসহ আরো সাত রোগী সনাক্ত করা হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ডা. লিমন ও ডা. আনজুম, জামালপুর জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়িতে ৩ জন, শেরপুর জেলার ঝিনাইগাতিতে একজন এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জে আরো একজন আক্রান্ত হয়েছেন।
সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ওই সাতজনের দেহে করোনা পজিটিভ পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
এদিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত দুই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় ওই দুই চিকিৎসকসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের হোম কোয়ারিন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে এবং আগামীকাল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
দুই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য হটলাইনের মাধ্যমে সেবা দিবেন চিকিৎসকরা।
আরো পড়ুন: সাতক্ষীরায় ট্রাকসহ ঢাকাফেরত ৬০ শ্রমিক আটক
সিভিল সার্জন জানান, গত ১০ এপ্রিল গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে যে নারীর প্রথম করোনা পজিটিভ হয়েছে, তার চিকিৎসা দিয়েছিলেন হাসপাতালের ওই দুই চিকিৎসক। এরপর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে এই দুইজন পজিটিভ হয়।
ইত্তেফাক/এমআর