জেমিকে দুই বছরের প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে আরো দুই বছর বাংলাদেশের ফুটবলে কাজ করবেন, এমন আলোচনা আগেই করে রেখেছিল বাফুফে এবং জেমি। কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে বাফুফে প্রস্তাব পাঠিয়েছে জেমির কাছে। দুই পক্ষ একমত হয়েই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পদাক আবু নাঈম সোহাগ। গতকাল সোহাগ জানিয়েছেন আগামী ১৫ মে জেমির সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। এবার দুই বছরের জন্য জেমিকে নেওয়া হবে। নতুন চুক্তি শুরু হবে আগস্টে, তার আগে তিন মাস কোনো চুক্তি থাকবে না। বাফুফে মনে করছে নভেম্বর ডিসেম্বরের আগ পর্যন্ত বিশেষ করে জাতীয় ফুটবল দলের খেলা থাকারও কোনো সম্ভাবনা নেই। সোহাগ বলেছেন, ‘দুই বছরের চুক্তি হলেও সেটি এক বছর পর রিভিউ হবে।’

এই কোচও বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তার সময়ে ট্রফি না পেলেও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা খারাপও ছিল না। বাফুফে এটাকেই পজিটিভ দিক মনে করছে বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। সোহাগ বললেন, ‘জানিয়েছেন এসএ গেমস ফুটবলে আমরা কিছু করতে পারিনি। অন্যান্য যেসব খেলা রয়েছে সেসব পারফরম্যান্স বিশ্লেষণ করলে একেবারে ফেলে দেওয়া যাবে না। জেমি যেভাবে বাংলাদেশের ফুটবলটাকে দেখে তা আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। জেমি ঢাকা ছাড়ার ন্যাশনাল টিম ম্যানেজম্যান্ট কমিটির সঙ্গে জেমির বৈঠক হয়েছিল, সেখানে সবাই একমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা এখন প্রস্তাবটা পাঠিয়েছি জেমির কাছে।’