বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণের কারণে মাছ ও কাঁচাবাজার বরগুনা জেলা স্কুলের খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার থেকে দূরত্ব বজায় রেখে এই বাজার শুরু হয়েছে। এর আগে বরগুনার পুরাতন মাছ বাজারে গায়ে গা ঘেঁষে মাছ কিনতে হতো ক্রেতাদের। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টি ভাবনায় রেখেই বরগুনার সরু মাছ বাজার এবং কাঁচাবাজার বরগুনা জেলা স্কুল মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু সমস্যা হলেও তা ধীরে ধীরে সমাধান করা হবে।
দিনাজপুর প্রতিনিধি জানান, করোনা ভাইরাস ঝুঁকি রোধে শহরের খুচরা কাঁচাবাজার বাহাদুর বাজার থেকে গোর-এ শহীদ ময়দানে এবং পাইকারী কাঁচাবাজার জিলা স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। শনিবার থেকে এই উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, মুরগি ও মাংসের বাজারটি শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনির ফাইভ স্টার মাঠে এবং মাছ ও কাঁচাবাজারটি শহরের বঙ্গবন্ধু সড়কের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বাংলা হাই স্কুল) মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।