পিরোজপুর অফিস
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আগামী ১৬ এপ্রিল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস চালু হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা চালু থাকা এ ক্লাসে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। ঘরে থাকার নির্দেশনা মেনে শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনের শিক্ষা কার্যক্রম চালাবেন।
সোমবার সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে জুম অ্যাপস ব্যবহার একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযমের সভাপতিত্বে শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রফেসর মুহম্মদ মীজানুর রহমান প্রমুখ অংশ নেন।