লালমনিরহাট প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার গাওচুলকা গ্রামে ইটভাটা মালিকের নির্যাতনে আহত কৃষক আমিনুর রহমানের (৫৫) চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিচারের দাবিতে গতকাল সোমবার ইটভাটা বন্ধ ও হত্যার বিচার চেয়ে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সরকার করোনা সংক্রমণ রোধে জনসমাবেশ বন্ধ রাখায় গ্রামবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার চলবালা ইউনিয়নের গাওচুলকা গ্রামের এমএইচআর নামে ইটভাটার ধোঁয়ায় স্থানীয় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও কয়েকটি বাড়িতে কয়লা ভাঙ্গার ধুলা গিয়ে বাড়ি ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর প্রতিবাদ করায় শুক্রবার রাতে এমএইচআর ইটভাটার মালিকের নেতৃত্বে দুর্বৃত্তরা আমিনুর রহমানকে বেধড়ক মারধর করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত জানান, এই ঘটনায় ইটভাটার মালিকসহ ১০ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।