আরো ৩২৮ মার্কিন নাগরিক ঢাকা ছাড়লেন

ইত্তেফাক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিককে নিয়ে ঢাকা ছাড়ল তৃতীয় বিশেষ ফ্লাইট। এদের মধ্যে ১৭ জন শিশু।  গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় দেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভাড়া করা কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে প্রথম ফ্লাইটে ২৬৯ জন এবং ৫ এপ্রিল দ্বিতীয় বিশেষ ফ্লাইটে ৩২২ নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র যান।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের কারণে নিজ নাগরিকদের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। প্রায় ৩০টি দেশের ১০ হাজারেরও বেশি মার্কিন নাগরিক ও কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এজন্য দেশে দেশে বিশেষ ফ্লাইটে করে পর্যায়ক্রমে নাগরিকদের স্থানান্তর করছে।