গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে সোমবার সকাল থেকে কাঁচাবাজার বসেছে। শহরের বাসিন্দারা সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ঐ বাজার থেকে কেনাকাটা করছেন। শহরের জয়দেবপুর বাজারের পরিবর্তে এই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে বাজার বসেছে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার আলমগীর ভূঁইয়া জানান, জয়দেবপুর বাজারে কাঁচাবাজারটি নির্ধারিত স্থানটি খুবই ছোটো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাঁচাবাজার জয়দেবপুর বাজারের পরিবর্তে ভাওয়াল রাজবাড়ি মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন এখানে বাজার বসবে।