দেশের বিভিন্ন স্থানে ত্রাণের চাল বিতরণে অনিয়মের খবর পাওয়া গেছে। অনেক স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় সরকার দল সমর্থক কয়েক জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বরিশালের মুলাদীর নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান একাই চার বছরে ৩৯৫ মেট্রিক টন চাল আত্মসাত্ করেন। অফিস, প্রতিনিধি, সংবাদদাতাদের পাঠানো খবর
মুলাদী (বরিশাল) :বরিশালের মুলাদীতে নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে হতদরিদ্র জেলেদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই ইউনিয়নে ৩০৯ জন কার্ডধারী জেলে রয়েছে। ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান বিগত ৪ বছরে ৪৮ মাসের মধ্যে মাত্র ১৬ মাসের চাল বিতরণ করে বাকি ৩২ মাসের প্রায় ৩৯৫ মেট্রিক টন চাল আত্মসাত্ করেছেন। এছাড়া চাল বিতরণের আগে ইউপি চেয়ারম্যান গুদাম থেকে চাল পরিবহনের নাম করে প্রতি জেলের কাছ থেকে ১০০ টাকা করে ১৬ মাসে ২ লাখ ৪৭ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। চাল কম দেওয়া এবং টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলেই চেয়ারম্যান তাদের বিভিন্ন ভাবে অপমান অপদস্ত করে এবং কার্ড বাতিলের হুমকি দেয়।
আবু হাসানাত জাপানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আট জেলে গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মাহমুদুল হাসানকে দায়িত্ব দিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাজিরপুর ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান জেলেদের চাল এবং টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে জানান, নিয়ম মেনেই জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। তার বিরুদ্ধে করোনায় হতদরিদ্রদের চাল বিতরণের অনিয়মের
অভিযোগ আছে।
খাগড়াছড়ি :জেলার দীঘিনালার মেরুং-এ ৭০ বস্তা চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন নামে এক জনকে আটক করা হয়েছে। তবে ডিলার মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির হোসেন পলাতক রয়েছে। দেলোয়ার হোসেন জানান, ৩০ কেজি ওজনের প্রতি বস্তা চাল ১ হাজার টাকা মূল্যে ডিলার জহির থেকে তিনি কিনেছেন। এর আগে গত রবিবার জেলার মাটিরাঙ্গা উপজেলার পৃথক এলাকা থেকে ১৮৬ বস্তা চাল উদ্ধার হয়েছে।
জামালপুর :ট্রাক আটকিয়ে ত্রাণ লুটের ঘটনায় ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে সোমবার পাঁচ জনকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানার পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।
বরিশাল অফিস :মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে কাজীরহাট থানায় জিডি করেছেন উপজেলা মত্স্য কর্মকর্তা শিমুল রানি। মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ঐ চেয়ারম্যান এ বছর ৭২৩ জন জেলের মাঝে বিতরণের জন্য জনপ্রতি ৪০ কেজি চাল বরাদ্দ পেয়েছেন। গত ৯ এপ্রিল তিনি ৩৮৪ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। অর্থাত্ তিনি মাথাপিছু ১০ কেজি করে মোট ২ হাজার ৮৪০ কেজি চাল আত্মসাত্ করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। এদিকে, গত প্রায় এক মাসেও খাদ্যসহায়তা না পেয়ে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভের প্রস্তুতি নেয় কয়েকশ মানুষ।
নড়াইল :ওজনে কম চাল দেওয়ায় সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিলার আসাদুজ্জামান মোল্লাকে (৫২) দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঐ নেতার ডিলারশিপের লাইসেন্সও বাতিল করা হয়।
হবিগঞ্জ :ওজনে কম দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর বাজারে এ ঘটনা ঘটে।
মির্জাপুর (টাঙ্গাইল) : সরকারি চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকের পর তাকে দেড় লাখ টাকা জরিমানা এবং ডিলারশিপ বাতিল করা হয়েছে। মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের দুল্যামনসুর বাজারে এ ঘটনা ঘটনা ঘটেছে।
গাইবান্ধা : সাঘাটায় চাল চুরি করে বিক্রির সময় প্রায় ৫০০ কেজি চালসহ ডিলার মজদার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজদার রহমান পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর এলাকার আজগর আলীর ছেলে ও রাকিব ট্রের্ডাসের মালিক।
দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারের ভানী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ অসহাদের প্রত্যেকে ১০ টাকা করে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অসহায় দুস্থ প্রতি জন ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ভানি ইউনিয়নের খাদঘর ও সূর্যপুরে ২৩ কেজি ২৪ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ওই ইউনিয়নের ফুলতলী গ্রামের ডিলার গনি মিয়ার খাদ্য গোডাউন থেকে এ চাল বিতরণ করা হয়।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে ছয় বস্তা চাল ডিলারের গুদাম থেকে পাচারের সময় জনতা আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারের ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি চাল খোলাবাজারে বিক্রির দায়ে ভাস্কর দাশ (৩৩) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটক ভাস্কর দাশ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কানাইলাল দাশের ছেলে। সোমবার বেলা ১১টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন উপজেলার চৈতন্যেরহাট বাজারের জননী স্টোরে অভিযান চালিয়ে ৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন।
মানিকগঞ্জ : সিংগাইরে চাল আত্মসাতের অভিযোগে আবুবকর সিদ্দিক ওরফে বরকত নামে এক ডিলারকে আটক করা হয়েছে। তিনি ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিও। সিঙ্গাইরের লেছড়াগঞ্জ ইউনিয়নে ৩০ কেজির ৮ বস্তা চাল পাচারকালে পুলিশ আটক করেছে।
গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলার মাওহা ও ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের অনেক উপকারভোগী চার বছরেও জানে না তারা তালিকাভুক্ত উপকারভোগী। কিছুদিন আগে তালিকা সাঁটানোর ফলে অনেক হতদরিদ্র জানতে পেরেছে তাদের নাম রয়েছে তালিকায়। এরমধ্যে টিপসই দিয়ে তাদের নামে চাল তুলে নেওয়া হয়েছে। মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিনের মোবাইলে ফোন করলে তিনি তা রিসিভ করেননি। ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লবের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।
বড়লেখা (মৌলভীবাজার) : শুক্রবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এক দিনমজুরের বাড়িতে সরকারি গুদামের ৮ বস্তা ও শনিবার একই এলাকার একটি জঙ্গল থেকে আরো ৪টি প্লাস্টিকের বস্তায় ১২২ কেজি চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উদ্ধারকৃত চাল স্থানীয় ডিলার মো. সুলেমান ওই দিনমজুরের বাড়িতে রেখেছিলেন বলে জানা গেছে। যদিও মামলায় ডিলারকে আসামি করা হয়নি।
রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের এক টন অর্থাত্ প্রায় ৩৩ বস্তা চাল আত্মসাতের দায়ে সোমবার উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন থেকে ওএমএসের ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য মো. বাচ্চু মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা করেন।
গলাচিপা (পটুয়াখালী) : ১৩০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহন মাঝির বাড়ির পুকুর পাড় থেকে তিন বস্তায় ১২০ কেজি এবং ওই ওয়ার্ডের চৌকিদার নুরুল ইসলামের বাড়ি থেকে ভিজিডির বস্তা ভর্তি ১০ কেজি চাল উদ্ধার করা হয়।