দেশের বিভিন্ন স্থানে চুরি ও আত্মসাতের ঘটনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ‘বিশেষ ওএমএস’ কর্মসূচি স্থগিত করেছে সরকার।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ছুটি থাকায় খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জন্য সারাদেশে এই বিশেষ ব্যবস্থা চালু করে সরকার। গত ৫ এপ্রিল এ কর্মসূচি শুরু হয়। কিন্তু মাত্র কয়েক দিনেই এই কর্মসূচির চাল চুরি ও আত্মসাতের ঘটনায় সারাদেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে সরকার বাধ্য হয়ে কর্মসূচি স্থগিত করেছে।
এদিকে গতকাল সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেছেন, খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জন্য প্রদত্ত ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ওএমএসের চাল বিতরণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরখাস্ত ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।