নেত্রকোনার দুর্গাপুর, জয়পুরহাটের কালাই ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাংচুর-হামলা ও আগুন দেয়া হয়েছে। অন্যদিকে পাবনার চাটমোহরে বিএনপির নির্বাচনী অফিসে আগুন ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। সারাদেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। আহতের সংখ্যা প্রায় ১০। গলাচিপায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির ও্রপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড়স্থ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পোষ্টার ছিড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়েছে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকে মারপিট করা হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অন্তত তিনজন আহত হয়।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহর উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও নিবাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উলানিয়া বন্দর জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে ্হামলার ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় উলানিয়া বন্দর জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে ৮/১০ জন দুর্বৃত্ত গেলাম মাওলা রনির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, গোলাম মাওলা রনি তাকে হামলার খবর জানিয়েছেন। তিনি আরো বলেন, তার নিরাপত্তার জন্য চারজন পুলিশ নিয়োজিত আছে। তিনি তাদের সঙ্গে না নিয়েই বাইরে যান।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও মির্জাপুর পৌরসভার কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী। গতকাল শুক্রবার তিনি এ অভিযোগ করেন।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, কচুয়া ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার আহমেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কাদলা ইউনিয়নের বইরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি এম. জহিরউদ্দিন স্বপনের বাড়ি থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বহিরাগত ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির আশঙ্কায় শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলার আলী আহাম্মদ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান আতাকে নাশকতার মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের আগৈলঝাড়ায় নাশকতা মামলায় শাহীন উদ্দিন মিয়া নামে একজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত দুই দিনে লিবারেল ডেমোক্রেটিক পার্িট এলডিপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
খুলনা অফিস জানায়, খুলনায় তিনজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, গত ৩ দিনে ওই নির্বাচনী এলাকার দুটি থানার বিভিন্ন গ্রাম থেকে পুলিশ ৪০ জনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়েছে। কুমিল্লা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেএম মুজিবুল হক শুক্রবার এ অভিযোগ করেন।
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, জেলার নন্দীগ্রামে বৃহস্পতিবার নাশকতা মামলায় তিন বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ জামায়তের তিনজনকে গ্রেফতার করেছে।
লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকে আটক করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাত তাদের আটক করা হয়।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল বেপারীসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর ১০জন এজেন্টকে আটক করা হয়েছে।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন অভিজাত রেস্তোরা ফুট ভিলেজে অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সদরের উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়।