স্কাইপে সর্বদলীয় সভায় দাবি

করোনা মোকাবিলায় জাতীয় ঐকমত্যের চাই সমন্বিত উদ্যোগ

করোনা  মোকাবিলাকে জাতীয় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এ কাজে পুরো জাতিকে সম্পৃক্ত করতে হবে। এই দুর্যোগে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐকমত্য তৈরি করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে। গতকাল সোমবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সর্বদলীয় পরামর্শ   সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ কথা বলেন। সভায় জাতীয় দুর্যোগ ঘোষণা করে তা মোকাবিলা করতে সমন্বিত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় উদ্যোগ গ্রহণের কথা বলে বিরোধী দলগুলো।

আওয়ামী লীগ ছাড়া বিএনপি, সিপিবি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টিসহ বিভিন্ন বাম সংগঠনের শীর্ষ নেতারা স্কাইপের মাধ্যমে এই সভায় অংশ নেন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় মুক্তি কাউন্সিলের প্রধান টিপু বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। 

ড. কামাল হোসেন বলেন, জাতীয় চ্যালেঞ্জ হিসেবে আমাদের এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা করতে হবে। এককভাবে এটা সম্ভব না। সম্মিলিতভাবে করতে হলে মতবিনিয়ম করা, ঐকমত্য গঠন করা এবং সারা জাতিকে সম্পৃক্ত করা প্রয়োজন।  কোনো সংকীর্ণ চিন্তা না করে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ও বৈশ্বিক মহাদুর্যোগ মোকাবিলায় যে কোনো উদ্যোগে শামিল হতে আমরা প্রস্তুত আছি। এই দুর্যোগ পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে এই ঐকমত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে সরকারকেই।

আসম আবদুর রব বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় দুর্যোগ কমিটি গঠন করতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই মহাদুর্যোগ একার পক্ষে নয়, ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। । সভা সঞ্চালনা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।