রমজানে তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে মিশর

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিশরের মসজিদগুলোতে রমজানের তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে আওকাফ মন্ত্রণালয়। মিশরের ইতিহাসে তারাবি ও ইতেকাফ স্থগিতে এটিই প্রথম ঘটনা। মিশরের ধর্মীয় মন্ত্রণালয় দেশটির মসজিদে তারাবি ও ইতেকাফ আয়োজনে এ স্থগিতাদেশ জারি করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারাবি নামাজের জন্য মসজিদে জামাতের প্রয়োজন হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মানুষের নিরাপত্তা বিষয়টি চিন্তা করেই জনসমাগম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মসজিদে তারাবি অনুষ্ঠিত হলে এ ভাইরাস অন্যের মধ্যে মারাত্মকভাবে সংক্রমিত হবে।

সেখানকার সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমলে মসজিদগুলোতে তারাবি নামাজের জামাত ও ইতেকাফ অনুষ্ঠিত হবে না বলে জানায় মন্ত্রণালয়। কায়রোর নীতিনির্ধারণী মহল জনস্বার্থে কোভিড-১৯-এর কারণে মসজিদে তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে। তারাবি নামাজ ও ইতেকাফ ছাড়াও মসজিদে ইফতারের আয়োজনেও থাকবে এ স্থগিতাদেশ।